আবহাওয়াবিদ আব্দুর রহমান জানিয়েছেন, চলতি মাসে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। তবে আগামী জানুয়ারিতে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। রোববার সকালে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানিয়েছেন, রোববার পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। উত্তরের এই জেলায় ইতোমধ্যেই মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।
অন্যদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং আশপাশের এলাকায় অবস্থান করা নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। শনিবার রাতে এটি পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, আর দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সোমবার সকাল ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
0 মন্তব্যসমূহ